ইরানের সঙ্গে বৈঠকে বসেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত এই তিন দেশের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই।
সৌদি আরব জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমন, সামরিক সংঘাতের পুনরাবৃত্তি ঠেকানো এবং সংকটের অবসানে সমঝোতার পথ তৈরি করাই এই বৈঠকের উদ্দেশ্য। অন্যদিকে বৃহত্তর সংঘাতের হুমকির মধ্যে এ বৈঠক কূটনীতি পুনরুজ্জীবিত করার সর্বশেষ, এমনকি শেষ সুযোগও হতে পারে বলে মনে করা হচ্ছে।
তেহরানে ইতোমধ্যেই বৈঠকে বসেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করা এবং সামরিক সংঘাতের পুনরাবৃত্তি ঠেকানোই এ আলোচনার লক্ষ্য।
এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘অঞ্চলে সামরিক উত্তেজনা যেন আবার না বাড়ে, সে জন্য আলোচনার পথ খুলে দেয়া এবং সংকটের অবসান ঘটিয়ে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি সমঝোতায় পৌঁছানোর গুরুত্বের ওপর জোর দিচ্ছে সৌদি আরব।’
বৈঠকে অংশ নিচ্ছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন। তাদের সঙ্গে রয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই।
অন্যদিকে সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৈঠকে ইরানের প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই।