ভারতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ডা. আবি আহমেদ আলীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
সম্প্রতি উভয় দেশের সফর বিনিময়ের মাধ্যমে মালয়েশিয়া ও ইথিওপিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন গতি পেয়েছে বলে উল্লেখ করেন দুই নেতা। দীর্ঘ ৪৩ বছর পর আদ্দিস আবাবায় মালয়েশিয়ার দূতাবাস পুনরায় চালু করাকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবেও বর্ণনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরে ইথিওপিয়ার নিজস্ব দূতাবাস খোলার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বৈঠকে ব্রিকস জোটে মালয়েশিয়ার অংশগ্রহণে ইথিওপিয়ার সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি, গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আগামী বছর কুয়ালালামপুরে প্রথম যৌথ দ্বিপাক্ষিক আলোচনার আয়োজন করতে সম্মত হয়েছে দুই দেশ।
উভয় নেতা হালাল শিল্প, কৃষি, খাদ্য নিরাপত্তা, ফার্মাসিউটিক্যালস, ডিজিটাল সেবা, নবায়নযোগ্য শক্তি এবং পর্যটনের মতো প্রতিশ্রুতিশীল ক্ষেত্রগুলোতে যৌথভাবে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন।
মালয়েশিয়া জানিয়েছে, এই নতুন গতিশীলতাকে কাজে লাগিয়ে ইথিওপিয়ার সঙ্গে একটি টেকসই এবং পারস্পরিক সুবিধাজনক অংশীদারত্ব গড়ে তুলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।