ইন্দোনেশিয়ায় মাদক পাচার কাণ্ডে জড়িত একটি সিন্ডিকেটের সাথে যুক্ত থাকার অভিযোগে আরও এক পাইলটকে গ্রেফতার করেছে মালয়েশিয়ান পুলিশ। এর আগে গত জুলাইয়ে জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এক পাইলট গ্রেফতার হওয়ার পর তদন্তের সূত্র ধরে দ্বিতীয় পাইলটকে আটক করা হলো।
মালয়েশিয়ার কেন্দ্রীয় মাদক অপরাধ তদন্ত বিভাগের পরিচালক হুসেইন ওমর খান নিশ্চিত করেছেন, গ্রেফতারকৃত ত্রিশোর্ধ্ব এই বিমানচালক প্রথম আটক হওয়া পাইলট থেকে ভিন্ন একটি এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। গত দুই দিন আগে ক্লাং উপত্যকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর ফলে এই নির্দিষ্ট মাদক পাচার চক্রের সাথে জড়িত সন্দেহে মালয়েশিয়ায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল সাত।
প্রাথমিক অনুসন্ধানের তথ্যানুযায়ী পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত এই দ্বিতীয় পাইলট মূল মাদক সিন্ডিকেট এবং পূর্বে গ্রেফতার হওয়া প্রথম পাইলটের মধ্যে অবৈধ অর্থ লেনদেনের বিষয়টি পরিচালনা করতেন।