ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশনে গত ১৫ জুন ভিসার জন্যে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এক মাস পার হলেও এখনও ভিসা পাননি এই উপাচার্য। মূলত কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাবার জন্যেই ভিসার আবেদন করেছিলেন তিনি।
বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় ভিসা প্রসঙ্গে গণমাধ্যমকে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রথম ভিসা হলে তারা ২-৩ মাস সময় নেয়। ইয়র্ক ইউনিভার্সিটি থেকে বিষয়টা আমাদের জানানো হয়েছিল। কিন্তু আমাদের ছুটি পেতে অনেক ক্লিয়ারেন্স লাগে তাই দেরি হয়ে গেল। পরে ১৫ জুন আমরা আবেদন করলাম। তারা এখনো ব্যাপারটা প্রসেসিংয়েই রেখেছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অনেকে রাজনীতি, করছে। সবকিছু আমলে নেওয়ার আমাদের দরকার নেই। যথাযথ কর্তৃপক্ষ থেকে বললে তবেই না আমরা বুঝব। এজন্য কে কি বললো শোনার সময় আমাদের নেই।
প্রসঙ্গত, ‘অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ সিম্পোজিয়াম-২০২৩’-এ যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল উপাচার্য আখতারুজ্জামানের। বুধবার (১৯ জুলাই) এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমন্ত্রণ পেলেও ভিসা না পাওয়ায় সেখানে অংশ নিতে পারছেন না তিনি।