আজ ১৫ আগস্ট, বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা চালিয়ে তাঁকে সপরিবারে হত্যা করে। ইতিহাসের নৃশংস ওই হত্যাকাণ্ডের ৫১ বছর পূর্ণ হলো আজ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামে তাঁর রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালির অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে তাঁর সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে একদল সেনাসদস্য বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে হামলা চালায়। ওই হামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন। এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর ও বেদনাদায়ক অধ্যায়ের সূচনা করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ভূমিকা ও তাঁর শাসনামল নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও বিতর্ক থাকলেও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে তাঁর গুরুত্বপূর্ণ অবস্থান একটি ঐতিহাসিক বাস্তবতা। তাঁর নেতৃত্বে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলন একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়।