মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল সোমবার পুত্রাজায়ার জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন) কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারি সেবার মান আরও উন্নত করা এবং বিভাগের কার্যক্রমের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সফরটি ছিল মন্ত্রীর মাঠপর্যায়ের কর্মসূচির অংশ। এর মাধ্যমে তিনি বিভাগের দৈনন্দিন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সেবা আরও উন্নত করার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার উদ্যোগ নেন।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী জেপিএনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং নাগরিকদের সেবা প্রদানের প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের কর্মপরিবেশ ও কল্যাণসংক্রান্ত বিষয় সম্পর্কে খোঁজ নেন এবং মাঠপর্যায়ের বিভিন্ন মতামত শোনেন।
সাইফুদ্দিন নাসুতিওন বলেন, সরকারি সেবা দ্রুত, দক্ষতার সঙ্গে এবং সর্বোচ্চ সততার মান বজায় রেখে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের আস্থা অর্জনে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা আরও বাড়ানো জরুরি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে সামনের সারির জনসেবার মান উন্নত করাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণকেন্দ্রিক প্রশাসন নিশ্চিত করতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
জেপিএন পুত্রাজায়া কর্তৃপক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরকে কর্মকর্তা কর্মচারীদের জন্য উৎসাহের বলে জানিয়েছেন। তাদের আশা, এ ধরনের সরাসরি মতবিনিময় ও তদারকি সরকারি সেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।