সেলাঙ্গরে অভিযানে বাংলাদেশিসহ ২৫২ অভিবাসী আটক, ডাস্টবিনে লুকিয়েও রক্ষা হয়নি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পোর্ট ক্ল্যাংয়ের তেলুক গং এলাকায় একটি আসবাবপত্র কারখানায় পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ২৫২ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ‘অপস মেগা’ অভিযানে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি শ্রম বিভাগ (জেটিকে), অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন) এবং কর্মচারী ভবিষ্য তহবিল (কেডব্লিউএসপি)’র কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান চলাকালে আটক এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন কয়েকজন বিদেশি শ্রমিক। তাদের একজনকে একটি রোরো (রোল-অন রোল-অফ) বর্জ্য কনটেইনারের ভেতরে আবর্জনার স্তূপের আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, তিনি লুকানোর চেষ্টা করেননি; কেবল বিশ্রাম নিচ্ছিলেন।

এ ছাড়া আরেকজন শ্রমিককে কাঠ কাটার একটি যন্ত্রের পাশে লুকিয়ে থাকতে দেখা যায়। তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভয় পেয়ে তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ খুসাইরি কামারুদ্দিন জানান, অভিযানে মোট ৫২০ জন বিদেশিকে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে ২৫২ জন পুরুষ অভিবাসীকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশি ১৭৫ জন, পাকিস্তানি ৩৯ জন, নেপালি ৩৩ জন, মিয়ানমারের ৪ জন এবং শ্রীলঙ্কার ১ জন নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসের অপব্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থাকা এবং অবৈধ পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত ও রিমান্ডের জন্য সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

মোহাম্মদ খুসাইরি বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া বা নিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য দিয়ে জনসাধারণকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »