মালয়েশিয়ায় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের ১৪৯তম বৈঠকে দেশের অর্থনীতি শক্তিশালী ও সম্ভাব্য বৈশ্বিক ঝুঁকি মোকাবিলার প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান দ্বন্দ্বের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও আরও শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করা হয়।
এছাড়া সম্ভাব্য এল নিনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রস্তুতিও মূল্যায়ন করা হয়। এতে পানি সরবরাহ, কৃষি খাত, খাদ্য নিরাপত্তা, তীব্র তাপপ্রবাহ এবং শিলাবৃষ্টির ঝুঁকির বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে অর্থনৈতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, মানসম্পন্ন বিনিয়োগ আকর্ষণ এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নীতি ও উদ্যোগগুলো আরও সমন্বিত, কার্যকর এবং জনস্বার্থকেন্দ্রিকভাবে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
একই সঙ্গে এতে মালয়েশিয়ায় ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়, যাতে উন্নয়নের সুফল দেশের সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়া যায়।