বাংলাদেশি কর্মী নিয়োগে সুশাসন ও স্বচ্ছতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশি কর্মী নিয়োগ ব্যবস্থায় সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দেশটির মানবসম্পদমন্ত্রী আর রামানান বলেছেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও ন্যায্য করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করা হবে।

দেশটির মানবসম্পদমন্ত্রী আর রামানান সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান। বিবৃতিতে বলা হয়, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া যেন শোষণ, বৈষম্য ও অনৈতিক কর্মকাণ্ডমুক্ত থাকে, সে বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার অন্যতম প্রধান শ্রমিক সরবরাহকারী দেশ হওয়ায় দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে নিয়োগ প্রক্রিয়ার শাসনব্যবস্থা, শ্রমিক কল্যাণ এবং নৈতিক নিয়োগ পদ্ধতি আরও জোরদার করা প্রয়োজন।

রামানান আরও বলেন, বাংলাদেশের সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনা খাতে সহযোগিতা শুধু শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে না; বরং দেশের (মালয়েশিয়ার) শ্রমশক্তির চাহিদা টেকসই ও দায়িত্বশীলভাবে পূরণেও সহায়তা করবে।

এর আগে, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে তাঁরা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক অভিবাসন নিরাপদভাবে এবং উভয় দেশের জন্য উপকারীভাবে অব্যাহত রাখার লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনে সম্মত হন।

এই যৌথ ওয়ার্কিং গ্রুপ বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করবে এবং দুই দেশের বর্তমান প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন একটি এমওইউ প্রণয়নের ভিত্তি হিসেবে কাজ করবে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »