কুয়ালালামপুরে অভিবাসনবিরোধী অভিযানে ১৮৬ অবৈধ অভিবাসী আটক, তাঁদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুদু এলাকায় পরিচালিত বড় ধরনের এক অভিবাসনবিরোধী অভিযানে ১১৮ জন বাংলাদেশিসহ মোট ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

‘অপস কুতিপ’ নামে পরিচালিত এ অভিযানে কুয়ালালামপুর অভিবাসন বিভাগকে সহায়তা করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তর, সেলাঙ্গর অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, কুয়ালালামপুর সিটি হল এবং জাতীয় নিবন্ধন বিভাগ।

মোট ১৩৭ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশ নেন। শনিবার দিবাগত রাতের পরপরই শুরু হওয়া এ অভিযানে এমন একটি স্থাপনায় অভিযান চালানো হয়, যেখানে অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ দেওয়া ও আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল।

অভিযান চলাকালে কর্তৃপক্ষ ৩২০ জনের পরিচয় ও নথিপত্র যাচাই করে। এর মধ্যে মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৮৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ১৪৯ জন পুরুষ ও ৩৭ জন নারী রয়েছেন। তাঁদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ, ২৮ জন ইন্দোনেশীয়, ২৬ জন মিয়ানমারের নাগরিক, পাঁচজন ভিয়েতনামি, চারজন নেপালি, দুজন ভারতীয়, একজন পাকিস্তানি এবং দুজন চীনের নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের ধারা অনুযায়ী অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং বৈধ ভ্রমণ বা পরিচয়পত্র না রাখার অভিযোগ রয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন দমন, অভিবাসন আইন মেনে চলা নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই সঙ্গে কর্তৃপক্ষ নিয়োগকর্তা ও ভবনের মালিকদের সতর্ক করে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »