মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান একাধিক আত্মঘাতী ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ওইসব ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে এবং প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কয়েক ঘণ্টা ধরে ইরানের পক্ষ থেকে একাধিক ড্রোন উড্ডয়ন করা হয়, যেগুলো হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করেছিল। মার্কিন বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ড্রোনগুলো ধ্বংস করে।
সেন্টকম আরও জানায়, ড্রোন হামলার চেষ্টা সত্ত্বেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ করিডোর এখনো উন্মুক্ত আছে।
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। পারস্য উপসাগর থেকে রফতানিকৃত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই প্রণালীর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এ অঞ্চলে যেকোনও ধরনের সামরিক উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে জোর কূটনৈতিক তৎপরতা চলছে। উভয় পক্ষই সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিলেও মাঠপর্যায়ে সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।