জামায়াতের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে: জামায়াত আমির

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬

আমাদের লেনদেন ও আচার-আচরণে আগের চেয়ে অনেক বেশি সতর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগে কেউ মনে করত না যে আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন। ভাবত, একটা নিষ্ক্রিয় দল হিসেবে আপনারা বেঁচে থাকবেন। কিন্তু এখন অনেকে মনে করে আপনারা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। কাজেই আপনাদের প্রত্যেককেই সার্চলাইট দিয়ে দেখা হবে। আপনাদের শরীরের একটা লোমও ওই লাইটের বাইরে থাকবে না।

তিনি আরও বলেন, দুটি সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে— একটা আল্লাহ তায়ালার, আরেকটি জনগণের। এই দুইটাকে সমন্বয় করতে হবে।

শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াত আয়োজিত উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের দায়িত্বশীলদের শয়তানের অসওয়াসা (কুমন্ত্রণা) থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শয়তান যেন আমাদের সংগঠনের দায়িত্বশীলদের অসওয়াসা না দিতে পারে। শয়তানের অসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ভোট যুদ্ধ করে নির্বাচনে জয়লাভ করতে হবে। টাকা খরচ করে কেউ কিছু করতে পারবে না। অন্য আয়োজন দিয়ে আমাদের হারানোর চেষ্টা করা হতে পারে। তবে গরিবদের ভুল বুঝবেন না, তারা তাদের ঈমান বিক্রি করে না।

দলের জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কল্যাণের যে কর্মসূচি হাতে নেয়, সেখানে কেউ কোনো কৃপণতা করবেন না। কোনো ব্যক্তি ভিন্ন দলের হওয়ার কারণে তাকে যদি তার পাওনা থেকে বঞ্চিত করেন, তবে হাশরের দিন আপনার বোঝা নিয়ে আপনাকেই দাঁড়াতে হবে।

 

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »