মালয়েশিয়া সরকার শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা আরও সমন্বিত ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে। মানবিক দিক বিবেচনায় রাখার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এর সভাপতিত্বে অনুষ্ঠিত শরণার্থী ও আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির ষষ্ঠ বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতা ও বিভিন্ন চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল, সমন্বিত ও কার্যকর করার বিভিন্ন পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে। মানবিক বিষয়কে গুরুত্ব দেওয়া হলেও জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
বৈঠকে শরণার্থীদের নিবন্ধনের জন্য চালু করা রিফিউজি রেজিস্ট্রেশন ডকুমেন্ট (ডিপিপি) বাস্তবায়নের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেন, সরকার যে নীতিই গ্রহণ করুক না কেন, তা অবশ্যই স্পষ্ট, সুসংগঠিত ও বাস্তবসম্মত হতে হবে, যাতে সংশ্লিষ্ট সব পক্ষ কার্যকরভাবে তা বাস্তবায়ন করতে পারে।
তিনি আরও বলেন, গৃহীত নীতি ও সিদ্ধান্ত সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব পালন করে যাবে।