রিয়াদ, ৭ জুলাই (PBN NEWS) — ইসলামী সামরিক সন্ত্রাসবিরোধী জোট (IMCTC) রিয়াদে তাদের সদর দপ্তরে “কোলেকশন ম্যানেজমেন্ট” শীর্ষক একটি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই উদ্যোগটি জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে সৌদি আরবের চলমান প্রচেষ্টার অংশ।
সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রতিবেদনে বলা হয়েছে, রোববার শুরু হওয়া এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা।
প্রশিক্ষণ কর্মসূচিতে ১৪টি সদস্য রাষ্ট্রের ২৫ জন মনোনীত প্রতিনিধি অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সিদ্ধান্তগ্রহণকারীদের সহায়তা বিষয়ক তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব কৌশল রপ্ত করবেন।
সামরিক ও গোয়েন্দা তথ্য বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচিতে ওয়ার্কশপ, সিমুলেশন ও প্র্যাকটিক্যাল সেশন অন্তর্ভুক্ত রয়েছে, যা বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানের প্রস্তুতি ও সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।
এই প্রশিক্ষণ কার্যক্রম ৪৬টিরও বেশি বিশেষায়িত প্রোগ্রামের অংশ, যা আইডিওলজি, সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ, সামরিক সমন্বয় এবং গণমাধ্যমে কৌশলগত সম্পৃক্ততার মতো বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত হচ্ছে।
ইসলামী সামরিক জোট, যা সৌদি নেতৃত্বাধীন ও ৪০টিরও বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সমন্বয়ে গঠিত, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব বজায় রেখে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা ও দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।
“কোলেকশন ম্যানেজমেন্ট” কর্মসূচি সৌদি আরবের আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় নেতৃত্বের প্রতিফলন এবং সমসাময়িক নিরাপত্তা হুমকি মোকাবিলায় অংশীদার দেশগুলোকে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা দিয়ে সজ্জিত করার অঙ্গীকারকে আরও সুসংহত করেছে।