যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, ওই হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান মোতায়েন থাকা ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দক্ষিণ ইরানে নতুন করে মার্কিন হামলার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা এই হামলার ঘটনা ঘটল।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের ব্যবহৃত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে আইআরজিসি।
তারা জানিয়েছে, এ হামলায় ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর এই হামলার লক্ষ্যবস্তু ছিল জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি এবং একটি নিয়ন্ত্রণ কেন্দ্র। আইআরজিসির দাবি, ওই হামলায় ঘাঁটির বিভিন্ন স্থাপনা এবং সেখানে অবস্থানরত বিপুলসংখ্যক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, তেহরানের পশ্চিমে কারাজ ও নাজারাবাদের কাছাকাছি একটি বিনোদন কেন্দ্র, একটি শিল্প কমপ্লেক্স এবং পিশভা কাউন্টিতে অবস্থিত স্থানীয় বিপ্লবী গার্ডের একটি ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।