কানাডা ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। দুই দেশের সরকারের যৌথ ঘোষণায় বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এর আগে দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা হলেও এবার আনুষ্ঠানিকভাবে এফটিএ নিয়ে আলোচনা শুরু হলো। আগামী কয়েক মাসের মধ্যে উভয় দেশের কারিগরি দল প্রথম দফার বৈঠকের প্রস্তুতি নেবে। ওই বৈঠকে সম্ভাব্য চুক্তির পরিধি ও লক্ষ্য নির্ধারণ করা হবে।
সম্ভাব্য চুক্তিতে পণ্য ও সেবার বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী করা এবং জ্বালানি, খনিজ, মহাকাশ ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে। দুই দেশই মনে করছে, এই উদ্যোগ তাদের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এদিকে, তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৈশ্বিক প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি ও স্বল্প ব্যয়ের অর্থায়ন নিশ্চিত করতে নতুন আন্তর্জাতিক ডিফেন্স, সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স ব্যাংক গঠনের উদ্যোগ ঘোষণা করেছেন।
তিনি জানান, এ উদ্যোগে ইতোমধ্যে নয়টি দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দেশগুলো হলো কানাডা, আলবেনিয়া, বেলজিয়াম, গ্রিস, লাটভিয়া, লুক্সেমবার্গ, রোমানিয়া, তুরস্ক ও ইউক্রেন।
প্রস্তাবিত ব্যাংকটির সদর দপ্তর কানাডায় স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রকল্পে সহজ শর্তে ঋণ, ঋণ গ্যারান্টি এবং শিল্প খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি মিত্র দেশগুলোর প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তা অবকাঠামো আরও শক্তিশালী করাই হবে এর প্রধান লক্ষ্য।
পরিকল্পনা অনুযায়ী, প্রায় ১৩৪ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে ২০২৭ সালের মধ্যে ব্যাংকটির কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।