মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যেমন দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা, তেমনি উঠেছে বিতর্কও। প্রধানমন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নামে প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু বিএনপি-সমর্থিত নেতাকর্মীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রবাসী মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী ২১ ও ২২ জুন দেশটিতে সফর করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই সফরকে কেন্দ্র করে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে সেই আগ্রহকে পুঁজি করে কিছু ব্যক্তি প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে কাছ থেকে উপস্থিত থাকার সুযোগ দেওয়ার কথা বলে পাসপোর্টের কপির সঙ্গে ২০০০ মালয়েশিয়ান রিঙ্গিত পর্যন্ত অর্থ নেওয়া হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকার বেশি।
অভিযোগের তীর উঠেছে মালয়েশিয়াভিত্তিক বিএনপির একাংশের নেতৃত্বের দিকে। অভিযোগকারীরা দাবি করছেন, দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কিছু ব্যক্তি এখন প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে এই অভিযোগের তীর, মালয়েশিয়া বিএনপির নেতা বদলুর রহমান খানের সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে।
এদিকে, যদি কোনো সরকারি বা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অর্থ আদায় করা হয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীদের একাংশ।
অন্যদিকে, নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিদেশে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সফরের ক্ষেত্রে নিরাপত্তা ও অংশগ্রহণকারীদের তালিকা প্রণয়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। মালয়েশিয়ার স্থানীয় আইন ও বিধিবিধানও যথাযথভাবে অনুসরণ করা উচিত।