মধ্যরাতে হাসনাত আবদুল্লাহর পোস্টে, প্রেসিডেন্ট গ্রুপের সঙ্গে চুক্তি সম্পন্ন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আরম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ছবি পোস্ট করে লিখেছেন, আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট গ্রুপের সঙ্গে চুক্তি সম্পন্ন!

এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সংক্রান্ত খবর প্রকাশের পর মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, তিনি নিজ উদ্যোগেই তার ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করবেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবো। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’ দেশজুড়ে তার ব্যাংক হিসাব তলবের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউ দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে আসিফ মাহমুদের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য চায়। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য ও লেনদেনের বিবরণ বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তার আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে।

আসিফ মাহমুদ ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি দেশব্যাপী আলোচনায় আসেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, ঢাকা–১০ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত সরাসরি নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দলের নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »