ভোট কারচুপির কোনো চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার রক্ষায় রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আসন্ন নির্বাচনে সরকার গঠন হোক বা বিরোধী দলে থাকা—যে অবস্থাই হোক না কেন, ১১ দলই জনগণের রায় মেনে নিতে প্রস্তুত। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষ ও সৎভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, পরাজয়ের আশঙ্কায় একটি পক্ষ নির্বাচনের দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়াতে পারে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ১১ দলের দায়িত্বশীলদের বক্তব্য ছাড়া অন্য কোনো গুজবে কান না দিতে সবাইকে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ভোট দিতে মানুষ ঈদের আনন্দের মতো উৎসবমুখর পরিবেশে বাড়ি ফিরছে। কেউ যদি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার অপচেষ্টা চালায়, তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।