দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রায় বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে বিজিএমইএর প্রতিনিধি দল শিল্প খাতের নানা সংকট তুলে ধরে। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।
প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, পোশাক শিল্পের অনেক সমস্যা দীর্ঘদিন ধরে জমে আছে। সব সমস্যার সমাধানে কিছুটা সময় লাগলেও যেগুলো দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।
তারেক রহমান বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পোশাক শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিজিএমইএর সহযোগিতাও কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, পোশাক শিল্পের উন্নয়নে যা যা প্রয়োজন, সরকার তা করতে প্রস্তুত। জনগণ ও ব্যবসায়ীদের সমস্যার সমাধান করাই সরকারের অন্যতম দায়িত্ব।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।