মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে নিজের পকেট থেকে ওভারটাইমের অর্থ পরিশোধ করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ মার্চ) ওয়াশিংটনে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন। খবর এনডিটিভি
গত বছরের জুন থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে ছিলেন নিতা ও বুচ। আট দিনের মহাকাশ মিশনে সেখানে গিয়েছিলেন তারা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তারা সেখানে আটকে পড়েন। প্রায় ৯ মাস পর তারা নিরাপদে পৃথিবীতে ফিরেন।
বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করে নভোচারী সুনিতা ও বুচকে বহনকারী ক্যাপসুল। তারা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী।
মহাকাশে অতিরিক্ত সময় কাজ করার জন্য তারা ওভারটাইম পাবেন কিনা ট্রাম্পের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ আমাকে আগে বলেনি। যদি আমাকে করতেই হয়, আমি নিজের পকেট থেকেই তা দেব।’
ফক্স নিউজের সাংবাদিক ট্রাম্পকে জানান, মহাকাশে প্রতিদিনের জন্য ৫ ডলার করে ওভারটাইম দেওয়া হয়। সুনিতা ও বুচকে আট দিনের মিশনে গিয়ে ২৮৬ দিন মহাকাশে কাটাতে হয়েছে। সেই হিসাবে, তারা অতিরিক্ত ১ হাজার ৪৩০ ডলার পাবেন।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘শুধু এটুকুই? তারা যেই পরিস্থিতির ভেতর দিয়ে গেছেন, সেই তুলনায় এটা কিছুই নয়।’