দেশ গঠনের জন্য সততা, দৃঢ় নৈতিক মূল্যবোধ এবং দেশের মর্যাদা রক্ষার দায়িত্ববোধসম্পন্ন নাগরিক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
আজ জাতীয় রাষ্ট্র পরিষদের (ন্যাশনাল স্টেট কাউন্সিল) বোর্ড সভায় সভাপতিত্ব করার পর এক বিবৃতিতে আনোয়ার বলেন, দেশপ্রেমের চেতনা জাগিয়ে রাখতে এবং জাতীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় জাতীয় সেবা প্রশিক্ষণ কর্মসূচি (পিএলকেএন)-এর অগ্রগতিও তুলে ধরা হয়। আনোয়ার বলেন, কর্মসূচিটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং অংশগ্রহণকারী ও তাদের অভিভাবকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
তিনি বলেন, এই ইতিবাচক সাড়া প্রমাণ করে যে, তরুণদের আত্মপরিচয়, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা গড়ে তুলতে পিএলকেএন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই কর্মসূচিটিকে আরও শক্তিশালী করা হবে।
সভায় ‘স্টেট ফেলোজ’-এর ভূমিকাও আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নেতা ও ব্যক্তিদের নিয়ে গঠিত এই দল দেশ গঠনের বিভিন্ন উদ্যোগে সরকারকে পরামর্শ ও অভিজ্ঞতা দিয়ে সহায়তা করে।
আনোয়ার ইব্রাহিম বলেন, দেশপ্রেম, জাতীয় ঐক্য এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ আরও জোরদার করবে, যাতে মালয়েশিয়ার উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত থাকে।