জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে। শনিবার (৯ মে) নাটোরের নলডাঙ্গা পৌরসভায় পৌর ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, ‘বর্তমান সরকার অত্যন্ত ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে। ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা সংসদে বলেছেন, সরকার ও বিরোধী দল দেশের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ হয়েছে। দেশের মানুষের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নলডাঙ্গা পৌরসভা ও নাটোর সদর দলিল লেখক সমিতির নির্মিত ভবনের উদ্বোধন করা হয়। একই সঙ্গে মৃত দলিল লেখকদের পরিবারের সদস্যদের মাঝে ভাতা প্রদান করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয়রা।