যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক চুক্তিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। মাসের পর মাস ধরে চলা প্রাণঘাতী সহিংসতা ও বৈশ্বিক অর্থনৈতিক বিশৃঙ্খলার পর সোমবারের এই ঘোষণা বিশ্বজুড়ে স্বস্তি বয়ে
এনেছে।

এরই ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদি সমাধানের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে মালয়েশিয়াও। সোমবার (১৫ জুন) মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সমঝোতা অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা ও কাঠামোগত আলোচনার নতুন পথ তৈরি করবে।

বিবৃতিতে মালয়েশিয়া কূটনৈতিক প্রচেষ্টা ও সংলাপ এগিয়ে নিতে সহায়তাকারী দেশগুলোর ভূমিকায় প্রশংসা জানায়। বিশেষ করে পাকিস্তান, কাতার, মিসর, সৌদি আরব, তুরস্কসহ সংশ্লিষ্ট আঞ্চলিক দেশগুলোর অবদান তুলে ধরা হয়। একই সঙ্গে উত্তেজনা কমানো, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সব পক্ষের রাজনৈতিক সদিচ্ছারও প্রশংসা করা হয়েছে। আরও বলা হয়েছে, আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আরও এগিয়ে যাবে, প্রত্যাশা মালয়েশিয়ার।

এসব উদ্যোগ সংঘাত বন্ধ, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল এবং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা জোরদারে সহায়ক হবে বলে মনে করছে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সম্মানের মাধ্যমেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার ও সমৃদ্ধি নিশ্চিত করতে সব ধরনের ইতিবাচক উদ্যোগে মালয়েশিয়া সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর ফলে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচল কার্যত ব্যাহত হয় এবং বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »