অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ড. ইউনূসকে দীর্ঘদিনের পুরাতন বন্ধু উল্লেখ করে বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি। বুধবার (১৪ আগস্ট) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল আমার পুরানো বন্ধু অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা হয়েছে, তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।’
আনোয়ার ইব্রাহিম আরও লিখেছেন, মালয়েশিয়ার সঙ্গে অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের ভালো সম্পর্ক রয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি মালয়েশিয়া বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠন ও পুনঃস্থাপনে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে প্রস্তুত।
ফোনালাপে বাংলাদেশিদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেয়ায় ড. ইউনূসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ ছাড়া দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত দ্রুত সম্ভব মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। তবে সিন্ডিকেট সংক্রান্ত নানা জটিলতায় বারবার মুখ থুবড়ে পড়েছে শ্রমবাজার। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে মালয়েশিয়ার শ্রমবাজারে গতি ফিরবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের।