মালয়েশিয়া–পাকিস্তান সম্পর্ক জোরদারে বৈঠক, বন্দি স্থানান্তর নিয়েও আলোচনা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে নিরাপত্তা সহযোগিতা এবং বন্দি স্থানান্তর–সংক্রান্ত সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কুয়ালালামপুরে মালয়েশিয়ার পার্লামেন্ট ভবনে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহসান রাজা শাহ সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইলের সঙ্গে।

বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিরাপত্তা খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উপসচিব (নিরাপত্তা) দাতো হাজি আবদুল হালিম আবদুল রহমান এবং কারা বিভাগের উপকমিশনার জেনারেল (পুনর্বাসন) হাফিজ বিন ওসমান।

আলোচনায় আন্তর্জাতিক বন্দি স্থানান্তর (ইন্টারন্যাশনাল ট্রান্সফার অব প্রিজনার্স—আইটিওপি) বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। এ উদ্যোগের লক্ষ্য হলো উভয় দেশের আইন ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বন্দিদের স্থানান্তর প্রক্রিয়া সহজ করতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

এ ছাড়া পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা জানায় মালয়েশিয়া।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়। উভয় পক্ষই কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের স্বার্থে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »