মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণণ দেশজুড়ে নির্বাচিত তামিল জাতীয়ধারার স্কুলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ফল উন্নয়নের লক্ষ্যে মাদানি ফার্নিচার ইনিশিয়েটিভ এবং কালভি মাদানি প্রোগ্রাম উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ফাধলিনা সিদেক।
এই দুই কর্মসূচিতে মোট ২ কোটি ৮০ লাখ রিঙ্গিত বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন স্কুলের প্রায় ৫০ হাজার ভারতীয় শিক্ষার্থী উপকৃত হবে বলে জানানো হয়েছে।
মাদানি ফার্নিচার ইনিশিয়েটিভের আওতায় ৩৬১টি সরকারি সহায়তাপ্রাপ্ত তামিল স্কুলে ১ কোটি ২৮ লাখ রিঙ্গিত বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রায় ৩৯ হাজার ৬৯২ শিক্ষার্থী এবং ৫ হাজার ২৯০ শিক্ষক উপকৃত হবেন। কর্মসূচির আওতায় স্কুলে ডেস্ক, চেয়ার, হোয়াইটবোর্ড, ক্যাবিনেট, ক্যান্টিন ফার্নিচার ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হবে।
অন্যদিকে, কালভি মাদানি প্রোগ্রামের জন্য ৮০ লাখ রিঙ্গিত বরাদ্দ করা হয়েছে। ৩১৫টি নির্বাচিত স্কুলের প্রায় ১০ হাজার ৪১০ জন এবং বেশ কয়েকটি পরিবারের শিক্ষার্থীর বিনামূল্যে কোচিং, একাডেমিক সহায়তা ও শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ পাবে।
এই কর্মসূচির আওতায় নিয়মিত ক্লাস শেষে মালয় ভাষা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের দুপুরের খাবার, শিক্ষা উপকরণ ও ডিজিটাল ডিভাইসও দেওয়া হবে।
অনুষ্ঠানে মানবসম্পদমন্ত্রী বলেন, শিক্ষাই মানবসম্পদ উন্নয়নের ভিত্তি এবং সরকার শিক্ষার্থীদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর শিক্ষাসহায়তা অব্যাহত রাখবে।