প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। (২৫জুন) বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান লিউ হাইশিং। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফরের প্রসঙ্গ তুলে বলেন, বেগম খালেদা জিয়া নয়বার চীন সফর করেছিলেন এবং ২০০১ সালের সেই সফরের একটি ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

এছাড়া তিনি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের মধ্যে যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চীনের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহায়তা প্রত্যাশা করেন। তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জবাবে লিউ হাইশিং প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের জীবনমান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদী।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

চীনের পক্ষে বৈঠকে অংশ নেন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »