ইরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বিবেচনা করছে চীন। রোববার (১১ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমন মন্তব্য করেন।
এ সময় সার্বভৌম, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে চীন সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।
এক ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানায় চীন। ওই হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আন্তঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।
উল্লেখ্য, সম্প্রতি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। সেখানে তাকে গুপ্ত হামলার মাধ্যমে হত্যা করা হয়। এ জন্য অভিযুক্ত করা হয় ইসরাইলকে।
গত ৩১ জুলাই এক হামলার মাধ্যমে তেহরানে হানিয়াকে হত্যা করা হয়। যদিও ওই হামলার দায় কিংবা অস্বীকার করেনি ইসরাইল। এই হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ।
সূত্র : আল জাজিরা