মালয়েশিয়া ও পাকিস্তান দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে উভয় দেশ ইন্টারন্যাশনাল থিংক ট্যাংক অন পিস (আইটিওপি)–এর আওতায় যৌথ উদ্যোগ ও কৌশলগত সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।
দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সমসাময়িক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, নীতিগত অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সমাধান নিয়ে আলোচনা হয়।
আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কৌশলগত নীতি উন্নয়নের মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।
মালয়েশিয়া বলেছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি দিন দিন জটিল হয়ে উঠছে। এ ধরনের পরিস্থিতিতে আইটিওপির মতো বহুপক্ষীয় প্ল্যাটফর্ম বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উভয় পক্ষ মালয়েশিয়া ও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে জানায়, আইটিওপির আওতায় আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এ ছাড়া পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা বাস্তবতা মোকাবিলায় দক্ষতা বিনিময়, জ্ঞান ভাগাভাগি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আরও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে দুই দেশ।